খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাওহীদ (১৫) নামের এক কিশোর।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেলি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাওহীদ  উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে প্রতিদিনই ধানগড়া গ্রামের খেজুরের রস দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভোরে সেখানে যান। রবিবার ভোরেও রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেলি ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলগুলোর একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিঙের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে চড়ে নয়জন ছেলে খেজুরের রস খেতে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিঙে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত