ফারজানা আক্তার (২০) নামে এক সন্তানের জননী স্বামীর হাতে খুন হয়েছেন। রবিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি চুনারুঘাট উপজেলার উত্তর গোড়ামী গ্রামের আছকির মিয়ার কন্যা। প্রায় ৪ বছর পূর্বে একই উপজেলার লাদিয়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র নুর আলীর সাথে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহত ফারজানার মা আছমা বেগম জানান, তাদের পরিবারের সদস্যরা ও তার মেয়ে স্বামীসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুল তলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। ফারজানা ও তার স্বামী নুর আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। নুর আলী তার স্ত্রী ফারজানাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
ঘটনার দিন সকালে নুর মিয়া তার স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। সংকটাপন্ন অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর ঘাতক স্বামী একই অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
এ সময় এলাকাবাসী তাকে আটক করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজত আছেন। এদিকে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
