খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে কাঁদলেন কায়কোবাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫০০ বার পবিত্র কোরআনের খতম, এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ, পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও দোয়া মাহফিল করেছেন মুরাদনগরের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে কাঁদলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ, কাঁদল দোয়া মাহফিলে উপস্থিত জনতা। সাবেক এ মন্ত্রীর মোনাজাতে সমাবেশ মাঠ ভারী হয়ে ওঠে।

রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল নামে। দোয়া মাহফিল রূপ নেয় জনস্রোতে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ বলেন, খালেদা জিয়া এমন একজন নেত্রী যার স্বামীকে হত্যা করা হয়েছে, যিনি ছেলেকে হারিয়েছেন, বিনা অপরাধে জেল খেটেছেন। উনি যে ত্যাগ স্বীকার করছেন, তা শুধু অত্যাচার নয়, ওনাকে বাড়ি থেকেও আওয়ামী সরকার জোরপূর্বক বের করে দিয়েছে। আল্লাহ ওনাকে অত্যাচার থেকে মুক্ত করেছেন। আল্লাহ যেহেতু ওনাকে মুক্ত করেছেন নিশ্চয়ই কোনও কারণ আছে। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দীন নয়ন ও মো. শরীফ খানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দীন ভুইয়া, শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, দুলাল সরকার, আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত