যত্রতত্র শিল্প-কারখানা স্থাপন না করে নির্ধারিত জায়গায় শিল্প স্থাপনের জন্য ক্ষুদ্র ও এসএমই উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, নির্ধারিত জায়গায় শিল্প স্থাপন করলে উদ্যোক্তারা আরও বেশি সুবিধা পাবেন। গতকাল রবিবার এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আট দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য ও উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল। সম্মানিত অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক পর্ষদ সদস্য ও ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সামিম আহমেদ। এ সময় জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫ বিজয়ী ছয়জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
শতভাগ দেশীয় পণ্যের এ মেলা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের মেলার সেøাগান হচ্ছে ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’। মেলায় উদ্যোক্তাদের পাশাপাশি উদ্যোক্তাদের সেবা প্রদানকারী শিল্প মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থাসহ সরকারের প্রায় ১৫টি সংস্থা, প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রায় ৩৫০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।
