নাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

নাইজার রাজ্যে নভেম্বর মাসে অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থীকে মুক্ত করেছে নাইজেরিয়ার সরকার। সরকারি সূত্র ও স্থানীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে।

জাতিসংঘের নাম-প্রকাশে-অনিচ্ছুক সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানায়, উদ্ধার হওয়া এসব শিশু রাজধানী আবুজায় পৌঁছেছে এবং সোমবার (৮ ডিসেম্বর) তাদের নাইজার অঙ্গরাজ্যের প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তাদের আগামীকাল নাইজার স্টেট সরকারের হাতে তুলে দেওয়া হবে।

নাইজেরিয়ার পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ জানায়, উদ্ধার হওয়া শিশুদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। ব্রিফিংয়ের পর তারা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্টের মুখপাত্র সানডে ডেয়ারও এএফপিকে নিশ্চিত করেছেন যে ১০০ শিশু মুক্তি পাচ্ছে।

গত ২১ নভেম্বর নাইজার স্টেটের আগোয়ারা জেলার পাপিরি এলাকার সেন্ট মেরি স্কুল থেকে সশস্ত্র লোকজন ৩০৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে অপহরণ করে। নাইজেরিয়ার খ্রিস্টান সংগঠন সিএএন জানিয়েছে, অপহৃতদের মধ্যে ১০ থেকে ১৮ বছর বয়সী ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীই ছিল।

অপহরণের কয়েক দিনের মধ্যে ৫০ শিক্ষার্থী পালিয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়। রবিবার আরও ১০০ শিক্ষার্থী উদ্ধার হওয়ার পরও ১৫৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বন্দিত্বে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত