রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৮ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করেনি। এ অবস্থায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ জানুয়ারি নতুন দিন ঠিক করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এ অর্থপাচার করেছে বলে ধারণা করা হয়।

ঘটনার পর একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। অজ্ঞাতনামাদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলাটি করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত