প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সিইসি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টে এই সাক্ষাৎ অনুষ্ঠানের কথা রয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হয়ে সিইসি দুপুর ২টার আগেই সুপ্রিম কোর্টে পৌঁছান।

নির্বাচনী সীমানা নির্ধারণ ও প্রতীক বরাদ্দ-সংক্রান্ত রিট, পাশাপাশি প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নিয়ে আদালতে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার আলোচনা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের আগে নানা আইনি জটিলতা ও সহায়তার বিষয়ও আলোচনায় থাকতে পারে। তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার এই রেওয়াজ গতবারের সিইসিও বজায় রেখেছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে নির্বাচন কমিশনের। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে, আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বুধবার রেকর্ড করা হবে বলে ইসি সূত্রে জানা গেছে। সোমবার বিটিভি ও বেতারকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত