রাজধানীতে ছুরিকাঘাতে কারখানার কর্মচারী নিহত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম

রাজধানীর লালবাগ শহীদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে খুন হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহীদনগর ২ নম্বর গলিতে এই ঘটনা ঘটে৷ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত হোসেনের বোন সুরাইয়া আক্তার জানান, তারা থাকেন শহীদনগর ২ নম্বর গলিতে। বাসার পাশেই গহনা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির (২৮) নামে তাদেরই সমবয়সি আরেক যুবক। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে। তখন তার প্রতিবাদ করে আবিরকে চড় মেরেছিল হোসেন।

তিনি জানান, রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাদেরকে ডেকে মিলমিশ করে দেয়৷ এরপর আজ দুপুরে কারখানায় কাজ শেষ করে খাবার খেতে যখন হোসেন হেটে বাসায় আসছিল, ২ নম্বর গলিতে দুলালের দোকানের সামনে তখন ওঁৎ পেতে থাকা আবির সুইচ গিয়ার (ধারাল ছুরি) দিয়ে তার পেটে ৫-৬টি আঘাত করে। তখন আশপাশে থাকা লোকজন তাকে ধরে ফেলে। আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি লালবাগ থানায় অবগত করা হয়েছে।

লারবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আলী জানান, শহীদনগরে মারামারির ঘটনায় একজন হাসপাতালে মারা গেছে জানতে পেরেছি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত