গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও গ্যাসচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে নিহত নারীর এক ছেলেও রয়েছে। মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে প্রাণ হারান তিনি।
শেষবারের মতো আর দেখা হলো না মেয়ে, জামাই ও নাতিদের মুখ। রাস্তায় ওঁত পেতে থাকা মৃত্যু কেড়ে নিল তার প্রাণ। এমন খবরে দুই পরিবারেই শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নারীর নাম মোছাম্মদ হেনা বেগম (৫০)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার তল্লাতলী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। বগুড়া থেকে ছেলেকে নিয়ে শ্রীপুরে মেয়ের বাড়ি বেড়াতে আসার পথে এ দুর্ঘটনায় তিনি মারা যান।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। এ সময় স্থানীয়রা পিকআপের সহকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের কালিয়াকৈর–ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মানসুরাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ মোড়টি সবসময় চরম দুর্ঘটনাপ্রবণ। তবুও চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। এখানে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
তাদের দাবি-এ মোড়ে একটি গতিরোধক নির্মাণ ও সেফটি মার্কিং করে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গত এক বছরে এখানে অন্তত ১৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
তারা আরও জানান, মাওনা চৌরাস্তা থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী গ্যাসচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
অপর এক নারী যাত্রী ও সিএনজি চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশের বনের জমিতে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
নিহতের মেয়ের জামাই তারেক রহমান জানান, সকালে বগুড়া থেকে তার শ্যালকসহ তার শাশুড়ি বাসে করে চন্দ্রা এলাকায় নামেন। পরে সেখান থেকে একটি গ্যাসচালিত অটোরিকশায় শ্রীপুরের পথে রওনা হন। বদনীভাঙ্গা মানসুরাবাদ এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় তার শাশুড়ি নিহত হন।
তিনি জানান, তার শ্যালক হাবিবুর (২০) গুরুতর আহত হয়েছে। আসার পথে একাধিকবার তাদের সঙ্গে ফোনে কথা হলেও দুপুরের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোনে মৃত্যুর খবরটি জানানো হয়। লোহাগাছ গ্রামে বেড়াতে আসছিলেন শাশুড়ি ও শ্যালক।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালকের সহকারীকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
