পাবনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিমুল বিশ্বাসসহ আহত ৪

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

পাবনায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। আহত অন্যরা হলেন- শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্যসচিব রইস উদ্দিন ও মাইক্রোবাসের চালক শফিক। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহুরুল ইসলাম জানান, বিকালে পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের একটি নির্বাচনী সভায় অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে আটঘরিয়ার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ ওই গাড়িতে থাকা চার জন আহত হন।

পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাকি দুজনের একজন মাথা ও আরেকজন হাঁটুতে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত