রাজধানীর গুলশান–২ থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’। সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে ধারণ করে সড়কটির এই নাম ঘোষণা করা হয়।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, ডিপ্লোমেটিক জোনের এই সড়কটির নতুন নাম রাখা হয়েছে ‘ফেলানী এভিনিউ’, যা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর প্রতি একটি প্রতীকী শ্রদ্ধা।
এর আগে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সীমান্ত হত্যার প্রতিবাদে একদল কর্মী ‘পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)’ গুলশানে ভারতীয় দূতাবাসসংলগ্ন সড়কের নাম ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে সেখানে নামফলকও স্থাপন করেছিল।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ঘটে যায় হৃদয়বিদারক ফেলানী হত্যাকাণ্ড। ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে ১৫ বছরের এই কিশোরী বিএসএফের গুলিতে প্রাণ হারায়। গুলিবিদ্ধ হওয়ার পর কাঁটাতারে দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় ধরে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহ দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে তীব্র আলোচনা সৃষ্টি করে।
ঢাকার নতুন ‘ফেলানী এভিনিউ’ সেই স্মৃতি ও প্রতিবাদের একটি স্থায়ী প্রতীক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১২ কেন্দ্রের বিদ্যুতের দাম নির্ধারণ