মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন এলাকার ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং তাঁর চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গিয়াস ও জালাল মোটরসাইকেলে চড়ে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় সড়কের ওপরে জমি থেকে সদ্য কাটা ধান স্তূপ করে রাখা হয়েছিল। এর ফলে তাঁদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারাত্মকভাবে জখম হন। পরে আশপাশের মানুষজন দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান আহমদ জানান, নিহত দুজনই তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা। তাদের আকস্মিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মনিরুজ্জামান মোল্যা জানিয়েছেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টানা দ্বিতীয়বার এমএলএসের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড়’ মেসি