কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যংয়ের আমির আলীর ছেলে আক্তার ও আব্দুল হাকিমের ছেলে সিফাত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ৬টার দিকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বিশেষ টহল দল কারাইঙ্গাঘোনা নামক স্থানে অবস্থান করে। পরবর্তীতে মায়ানমার হতে সন্দেহজনক ৪ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিওপির বিশেষ টহল দল চোরাকারবারিদের দিকে অগ্রসর হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মায়ানমারের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মো. আক্তার (২৪), মো. সিফাত (২০) গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে থাকা একটি সাদা কালারের পলিথিনের মধ্যে খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এলাকাটিতে আরো বিশদভাবে তল্লাশি কার্যক্রম চালানো হলেও আর কোন মালামাল ও চোরাকারবারিদের পাওয়া যায়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত পলাতক চোরা কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
পেশিশক্তি ও টাকার খেলার বাইরে থাকবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী