অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম

অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সভা শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পরিশ্রম করে যাচ্ছে। উপদেষ্টা নরসিংদীতে সবজি, ফলফলাদি ও তরকারি উৎপাদনে চাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, নরসিংদীর চাষিরা কঠোর পরিশ্রম করে প্রচুর পরিমাণ ফল-ফলাদি উৎপাদন করে এবং তা বেশির ভাগ বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। কিন্তু ফল-ফলাদি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হিমাগার নেই। সবজি সংরক্ষণে ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে বলে জানান তিনি।

এর আগে তিনি দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। সেখানে তিনি বলেনÑ নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় উপজেলা, এখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশি এবং হাতিয়ার রয়েছে। তাই সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চব্বিশের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়, অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। জেলখানায় আটক কয়েদিদের মধ্যে বেশির ভাগই মাদক মামলার আসামি। মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ৬২ বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন লে. কর্নেল ইকতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যানটিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত