বেতন বাড়ছে শুবমানের; কমতে পারে রোহিত-কোহলির!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

ওয়ানডেতে দুর্দান্ত পারফর্মেন্স করে ভারতীয় ক্রিকেটে এখন তুমুল আলোচনায় বিরাট কোহলি আর রোহিত শর্মা। এমনকী তাদেরকে অবসর ভেঙে টেস্টে ফেরানোর দাবিও উঠেছে। মুণ্ডুপাত করা হচ্ছে কোচ গৌতম গম্ভীরের। এর মাঝেই বিসিসিআইয়ের সঙ্গে রোহিত-কোহলির কেন্দ্রীয় চুক্তি হালনাগাদের খবর এলো। আগামী ২২ জানুয়ারি বিসিসআইয়ের শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি আলোচনায় উঠবে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে রোহিত-কোহলি দুজনেই ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন। তবে গত বছর টি-টোয়েন্টি এবং চলতি বছর টেস্ট থেকে অবসর নিয়েছেন এই দুজন। সেই হিসেবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই দুজনকে এক ধাপ নিচে নামিয়ে দেওয়া হতে পারে। এতে স্বাভাবিকভাবেই তাদের পারিশ্রমিক কমবে। অন্যদিকে টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুবমান গিলের বেতন বাড়তে পারে।

বিসিসিআইয়ের বর্তমান কেন্দ্রীয় চুক্তির ধারা অনুযায়ী, ‘এ প্লাস’ ক্যাটাগরিতে বার্ষিক বেতন ৭ কোটি রুপি। রোহিত-কোহলিকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হলে তারা ৫ কোটি রুটি করে পাবেন। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ৩ কোটি রুপি এবং ‘সি’ ক্যাটাগরিতে ১ কোটি রুপি পারিশ্রমিক দেয় বিসিসিআই। তবে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই দুজনকে আগের মতোই ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হবে, নাকি ‘এ’ ক্যাটাগরিতে নামানো হবে- সেটা এখনো পরিষ্কার নয়।

অন্যদিকে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিল বর্তমান চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন। নতুন চুক্তিতে তাকে এক ধাপ ওপরে তুলে এনে এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ বছরে তার বেতন বাড়বে ২ কোটি রুপি। উল্লেখ্য, সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ম্যাচে দুই সেঞ্চুরি এবং একটি অপরাজিত ফিফটি করেন কোহলি। রোহিতও দুই ফিফটিতে তিন ম্যাচে করেন ১৪৬ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত