সালাহ ফিরছেন লিভারপুল দলে, ব্রাইটন ম্যাচেই দেখা মিলতে পারে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ এএম

মোহামেদ সালাহকে নিয়ে টানাপোড়েনের শেষটা আপাতত ইতিবাচকই হলো লিভারপুলের জন্য। দলটির কোচ আরনে স্লটের সঙ্গে আলোচনার পর ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের জন্য আবারও স্কোয়াডে রাখা হয়েছে মিশরীয় ফরোয়ার্ডকে। শনিবার অ্যানফিল্ডে এই ম্যাচেই তাকে আবার দেখা যেতে পারে লাল জার্সিতে।

শুক্রবার সকালে স্লট জানিয়েছেন, সালাহকে দলে রাখা হবে কি না তা নির্ভর করবে দিনের শেষ দিকে অনুশীলন মাঠে দুজনের ব্যক্তিগত আলোচনার ওপর। সেই বৈঠক শেষে ৩৩ বছর বয়সী তারকাকে দলভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাকে নিয়ে স্লট–সালাহ আলোচনায় ঠিক কী বলা হয়েছে, কিংবা সালাহ কোচের কাছে ক্ষমা চেয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩–৩ ড্রয়ের পর দেওয়া এক সমালোচনামূলক সাক্ষাৎকার থেকেই শুরু হয়েছিল বিতর্ক। বেঞ্চে বসে থাকা সালাহ অভিযোগ করেছিলেন যে ক্লাব তাকে "ত্যাগ" করেছে এবং তার সঙ্গে কোচ স্লটের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এরপরই মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাকে দলে রাখা হয়নি।

সালাহ নিজেই বলেছিলেন, ব্রাইটন ম্যাচটিই হতে পারে লিভারপুলে তার শেষ ম্যাচ; কারণ ১৫ ডিসেম্বর তিনি যোগ দেবেন মিশরের জাতীয় দলে আফ্রিকা কাপ অব নেশনসের প্রস্তুতি শিবিরে। ম্যাচটিকে বিদায় জানানোর এক সুযোগ হিসেবেও দেখছিলেন তিনি এবং এজন্যই নাকি বাবা–মাকেও ডেকেছিলেন অ্যানফিল্ডে।

তবে স্লট সেই সম্ভাবনার ইঙ্গিত নাকচ করে দিয়ে বলেছেন, দলের স্বার্থের বাইরে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। ইন্টার ম্যাচে সালাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল ক্লাব ও কোচের যৌথ মত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবসময়ই কোচের হাতে থাকে বলে জানিয়েছেন তিনি।

জানুয়ারি পর্যন্ত আফকনের কারণে ক্লাব থেকে দূরে থাকবেন সালাহ। এই সময়টিতে লিভারপুল, সালাহ এবং তার প্রতিনিধি রামি আব্বাস ইসা পারস্পরিক আলোচনায় পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে পারবেন। আরব ক্লাবগুলোর দীর্ঘদিনের আগ্রহ, কোচের সঙ্গে সম্পর্ক এবং জানুয়ারির সম্ভাব্য ট্রান্সফার—সব কিছু নিয়েই আলোচনা চলবে এ সময়।

প্রিমিয়ার লিগে শেষ দশ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া লিভারপুল ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। সেই লড়াইয়ে সালাহকে দলে পাওয়া নিঃসন্দেহে দলের জন্য গুরুত্বপূর্ণই হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত