সিংগাইর

অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে শিশু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে জাহিদ ইবনে জামান ছিটকে রাস্তায় পড়ে যায়। ঠিক ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত