আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে বিশেষায়িত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর দেড়টার দিকে শরিফ ওসমান হাদিকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশে এই বিষয়ে একটি জরুরি কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। কনফারেন্সেই তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রেস উইংয়ের তথ্যে বলা হয়, গত দুই দিন ধরে শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্ভাবনা যাচাইয়ে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখে। আজ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।

সিদ্ধান্ত অনুযায়ী আজই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং জানায়, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এ সময় শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত