চবি উপ-উপাচার্য

জহির রায়হানকে পেলে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জানা যেত: চবি উপ-উপাচার্য

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস আজও অজানা থাকার পেছনে জহির রায়হানের গুম একটি বড় কারণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক  ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তার মতে, জহির রায়হানকে খুঁজে পাওয়া গেলে শহীদ বুদ্ধিজীবী হত্যার সঠিক তথ্য ও প্রকৃত ঘটনা জানা সম্ভব হতো।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।

অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ১৯৭২ সালে গুম হওয়া চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তৎকালীন ‘শহীদ বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন’-এর চেয়ারম্যান ছিলেন। তিনি যদি নিখোঁজ না হতেন, তাহলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত ঘটনা ও কারা জড়িত ছিল-তা জাতির সামনে স্পষ্ট হতো। তিনি মনে করেন, মানুষ যাতে সঠিক ইতিহাস জানতে না পারে, সেজন্যই জহির রায়হানকে গুম করা হয়েছে।

আলোচনায় তিনি বলেন, ইতিহাস জানতে হলে গবেষণাভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে হবে। অনুমান বা আবেগ দিয়ে ইতিহাসের সত্য উদঘাটন সম্ভব নয়। শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়েও স্বাধীন ও নিরপেক্ষ গবেষণা প্রয়োজন।

বক্তব্যে তিনি বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স তুলে ধরে বলেন, যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি বাহিনীর পক্ষে পরিকল্পিতভাবে এতসংখ্যক বুদ্ধিজীবীকে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করা বাস্তবসম্মত কি না—সে প্রশ্ন গবেষণার মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।

এ প্রেক্ষিতে তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কি ঘটেছিল, তা নিরপেক্ষভাবে অনুসন্ধানের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত