মাগুরায় মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আটক হলেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। সোমবার দুপুরে আঠারোখাদা নামক এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লা আল মাহমুদের হাত থেকে মনোনয়নপত্র  সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। এ সময় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসায় তাকে কোন হুমকির মুখে পড়তে হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে কুতুবুল্লাহ হোসেন বলেন, আমি কোন দলের হয়ে মনোনয়ন সংগ্রহ করতে আসিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করতে এসেছি। এ পর্যন্ত কোন সমস্যা হয়নি। আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হবে।

তিনি বলেন, ২০১০ সাল পর্যন্ত শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ছিলাম। এরপর আওয়ামী লীগের কোন কমিটিতে ছিলেন না। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন ও পরাজিত হন। পরবর্তীতে তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে আটকের বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তদন্তাধীন মামলা রয়েছে।

এদিকে জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টা পর্যন্ত মাগুরা-১ ও ২ আসনের মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রথম দিনে মনোনয়ন সংগ্রকারীরা হলেন, মাগুরা-১ আসন (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের অধ্যাপক এমবি বাকের। বিএনপি থেকে মাগুরা-২ আসনে মনোনীত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত