বাংলাদেশি ব্যান্ড তারকা জন কবির বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকছেন। এমনকি সেখানে একটি ব্যান্ড গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন। গত ১৪ ডিসেম্বর ফেইসবুকে একটি ভিডিও প্রকাশ করেন জন। ভিডিওটিতে দেখা যায়, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সামনে গিটার বাজিয়ে পারফর্ম করছেন জন আর তার সঙ্গে গান গাচ্ছিলেন রুহিন হোসেন।
জানা গেছে, কুইন্সে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন ঠিকানা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে জোহরান মামদানির সামনে প্যানিক অ্যাট দ্য ডিসকো ব্যান্ডের ‘হাই হোপস’ গান পরিবেশন করেন জন, রুহিনরা। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেই অনুষ্ঠানে জোহরান মামদানির সামনে পারফর্ম করাটা ভীষণ আনন্দের মনে করছেন জন। মামদানিও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ উপভোগ করেছিলেন।
ভিডিওতে আরও দেখা গেছে, জন ও রুহিন যখন ‘হাই হোপস’ গানে পারফর্ম করছিলেন, তখন পেছনের এলইডি পর্দায় ভেসে উঠছিল, ‘জোহরান, একটি নতুন যুগ, নিউইয়র্ক’ এমন লেখা। দর্শকেরা গানটির কোরাসের সঙ্গে গেয়ে অন্য রকম এক মুহূর্ত তৈরি করেন। আর জোহরান মামদানি তার পরিচিত কালো স্যুট পরে, হেসে তালি দিয়ে সবাইকে উৎসাহ দিয়ে পরিবেশ আরও উজ্জীবিত করছিলেন।
ভিডিওটি প্রকাশ করার পর পরই তা ছড়িয়ে যায়। আর এনিয়ে বেশ আলোচনা হয়। তাছাড়া মামদানির সাংস্কৃতিকমনা ব্যক্তিত্বের প্রশংসা করেন নেটিজেনরা।
