গাজায় শীতে নবজাতকের মৃত্যু, পরিস্থিতি মারাত্মক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

গাজা উপত্যকায় বেড়েছে শীতের প্রকোপ। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গাজা উপত্যকায় তীব্র শীতে দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর মারাত্মক হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, দুই সপ্তাহ বয়সী শিশু মোহাম্মদ খালিল আবু আল-খাইরকে সোমবার প্রচণ্ড ঠান্ডাজনিত জটিলতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল। বলা হচ্ছে শীতের তীব্রতা ও প্রয়োজনীয় আশ্রয়-সামগ্রীর অভাবে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, ইসরায়েল গাজায় গণহত্যা চালায়। আর এই যুদ্ধের ফলে সেখানকার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পদ্ধতিগতভাবে ভেঙে পড়েছে। 

তিনি জানান, গাজার বহু পরিবার ভেজা মাটির ওপর তাবুতে বাস করছে, যেখানে নেই গরমের ব্যবস্থা, বিদ্যুৎ কিংবা পর্যাপ্ত পোশাক। যার ফলে এই করুণ পরিস্থিতি। 

দুই বছর ধরে চলা সংঘাতে গাজার ৮০ শতাংশের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। এতে শত শত হাজার পরিবার অস্থায়ী টেন্ট বা গাদাগাদি করে বানানো আশ্রয়ে ঠাঁই নিতে বাধ্য হয়েছে।

সম্প্রতি এক প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ায় তাবুগুলো প্লাবিত হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত ভবন ধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়।

গাজা সিটি থেকে বাস্তুচ্যুত উম্মে মোহাম্মদ আসসালিয়া বলেন, ‘আগুনের পাশে শিশুদের ভেজা কাপড় শুকাতে চেষ্টা করি। তাদের জন্য অতিরিক্ত কাপড় নেই। আমাদের দেওয়া তাবু শীত সহ্য করতে পারে না। আমাদের কম্বল দরকার।’

এর আগে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, সীমিত প্রবেশপথ, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতা ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত