পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টায় ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আমাদের টিম সেখানে গেছে পরিস্থিতি বুঝে পরে জানানো হবে।
রোজিনা আক্তার বলেন, ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় প্লাস্টিকের একটি গুদামে আগুনের ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে লালবাগ, হাজারীবাগ ও পলাশী ফায়ার স্টেশন থেকে ২টি করে মোট ৬টি ইউনিট পাঠানো হয়। পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট যাচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
