‘প্লান্টসংলগ্ন প্রতিবেশী ও স্থানীয়দের স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (১৭ ডিসেম্বর) জিপিএইচ ইস্পাত কুমিরা প্লান্টে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।’ বুধবার সকালে এই সেবা কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মহিলাদের জন্য স্তন ক্যান্সার স্ক্রিনিং, প্রসূতি সেবা এবং খৎনাসহ সার্বিক চিকিৎসা সেবা ও সার্জারিতে সহযোগিতা দিয়ে আসছি।’
চক্ষুবিশেষজ্ঞ ডা. সৌমেন তালুকদার ও ডা. শুভ চক্রবর্তীর নেতৃত্বে আটজনের একটি মেডিকেল টিম দিনব্যাপী এই চিকিৎসা সেবা পরিচালনা করেন। এদিন মোট ৫১২ জন নারী ও পুরুষ রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে চশমা ও ওষুধ দেওয়া হয়।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, কোভিড-১৯ করোনাকালে জিপিএইচ ইস্পাত সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে। তখন সীতাকুণ্ড ও বৃহত্তর চট্টগ্রামসহ সারা দেশে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ ডিসেম্বর সীতাকুণ্ডের কৃতি এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হবে।
