শার্শা

শ্বশুরবাড়ি থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

যশোরের শার্শা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে,আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। 

সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ৮টি গুলি এবং ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

আকুল হোসেনের বিরুদ্ধে বর্তমান ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী‌।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত