নির্বাচন ঘিরে বিভাজন তৈরি করবেন না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

ভোট যার ইচ্ছা তাকে দেওয়া যাবে; তবে ভোটকে কেন্দ্র করে সমাজে অশান্তি বা বিভাজন সৃষ্টি করা যাবে না- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচন এক দিনের বিষয়; কিন্তু সেই ভোটকে ঘিরে যদি সামাজিক সম্পর্ক ভেঙে পড়ে, তার ক্ষতি দীর্ঘস্থায়ী হয়।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় গণসংযোগ ও পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগে বা পরে মার্কা নিয়ে যেন কেউ বিবাদে না জড়ান। প্রতিহিংসামূলক বক্তব্য সমাজকে আরও বিভক্ত করে। সবার দায়িত্ব হবে মিলেমিশে থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ভোটের দিন মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দেবে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

ভোটকে কেন্দ্র করে বিভাজনের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, একশ্রেণির মানুষ শুধু ভোটের সময় এলাকায় আসে। ভোট শেষ হলে তারা চলে যায়, কিন্তু রেখে যায় বিশৃঙ্খলা ও বিভাজন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা নির্বাচনের নামে সমাজে বিভাজন তৈরি করে, তাদের চিহ্নিত করা জরুরি। নইলে তারা ভোটকে পুঁজি করে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মে জড়িয়ে পড়ে।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে বহু তরুণ জীবন দিয়েছে। সেই গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন জনগণের। আসন্ন নির্বাচনে জনগণের সিদ্ধান্তেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ পথচলা।

এ সময় এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত