শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম

রাজধানীর শাহবাগে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শুরু হয়েছে বিক্ষোভ, যেখানে জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র-জনতা। তারা শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

প্রতিবাদকারীরা হাতে পতাকা ধারণ করেছেন, মুখে স্লোগান দিয়েছেন। তারা বলছেন, ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।’

শাহবাগে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন। শনিরআখড়া থেকে আসা মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান জানান, ‘আমরা একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারিয়েছি। রাতভর ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে এসেছি। ওসমান হাদির মতো সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত।’

রাজধানীর রামপুরা থেকে আসা ইমরুল কায়েস বলেন, ‘ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করে এই হত্যার প্রতিশোধ নেব। হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।’

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানী ঢাকায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাতেই ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ ও বিক্ষোভ শুরু হয়।

ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় হামলার শিকার হন। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে ঢাকা এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর তার মৃত্যুতে রাজধানী এখন শোক এবং উত্তেজনার মধ্যদিয়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত