ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে আসা দলগুলোই এখন জুলাইয়ের চেতনাকে অবহেলা করছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।
আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের চেতনা বেঁচে থাকলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুযোগ থাকবে না। এ কারণে কেউ কেউ জুলাইয়ের চেতনাকে টিকিয়ে রাখাকে নিজেদের জন্য হুমকি মনে করছেন। ১ হাজার ৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা বর্তমানে প্রভাব বিস্তার করছেন, তাঁরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলার জায়গায় ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম ও অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ঢাকা থেকে কুমিল্লা রেললাইন নির্মাণে ৮৪ হাজার কোটি টাকা বরাদ্দের সুযোগ রয়েছে। অথচ জুলাইয়ের চেতনা ও শহীদদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে অর্থের সংকটের কথা বলা হচ্ছে। তাঁর অভিযোগ, বড় বড় প্রকল্পের সঙ্গে দুর্নীতি ও স্বজনদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রবণতা জড়িয়ে রয়েছে। অন্যদিকে, জুলাইয়ের চেতনা ধরে রাখা গেলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির সুযোগ থাকবে না।
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সাধারণ মানুষ যখন জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করছিলেন, তখন একশ্রেণির রাজনৈতিক নেতা সচিবালয় ও দূতাবাসে বসে পরবর্তী নির্বাচনে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা নিয়ে দর-কষাকষি করছিলেন।
শহীদ ওসমান হাদির স্মৃতিচারণা করে জাবের বলেন, ৩২ বছর বয়সী ওসমান হাদি বলে গেছেন, জুলাইয়ের রক্ত ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়; বরং তা আগামীর বাংলাদেশ গড়ার শপথ। মানুষের মনে তিনি যে লড়াইয়ের মশাল জ্বালিয়ে দিয়ে গেছেন, তা নিভিয়ে ফেলা সম্ভব নয়। প্রতিকূলতা যতই আসুক, ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সেই লড়াই চালিয়ে যাবেন।
বক্তব্যে জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান উদ্যোগ দাবি করেন তিনি। পাশাপাশি শাকিল ইসলাম হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান। প্রয়োজনে গণ-অর্থায়নের মাধ্যমে এ হত্যার বিচারপ্রক্রিয়ায় সহায়তার জন্য ৪০ লাখ টাকা দেওয়া হবে বলেও ঘোষণা দেন জাবের।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ৩১ দিনব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এর অংশ হিসেবে সংগঠনটির নেতা-কর্মীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কুমিল্লা নগরের পূবালী চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।