গোলাম পরওয়ারের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের খবরের প্রতিবাদ জামায়াতের

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। সম্প্রতি জামায়াতের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হচ্ছে।

একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়তে নাগরিকদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত