হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫-এর করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ।
মরদেহ গ্রহণের জন্য অনেক নেতাকর্মী বিমানবন্দরে যায়। সেখানে হাদির কফিনের পাশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে কান্না ভেঙ্গে পড়তে দেখা যায়।
এ সময় বিমানবন্দরে হাদির কফিনের পাশে হাসনাত আবদুল্লাহসহ গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ইনকিলাব মঞ্চের নেতাদের দেখা গেছে।
এদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
