জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে স্থানীয় ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল)-২০২৬ এর অষ্টম আসর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব শেষে রাত সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
জেপিএলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর হোসেন জিকু’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. হাবিবুল বাশার সুমন এবং সায়ান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান সাইফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মো. হাবিবুল আলম, জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিদুর রহমান, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের অষ্টম আসরে অংশ নিচ্ছে ছয়টি দল- সুপার স্ট্রাইকার্স অফ ০৭-০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা ওয়ারিয়র্স।
উদ্বোধনী মুহূর্তে আতশবাজির ঝলকানিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা আলোকিত হয়ে ওঠে। রাত ১১টার দিকে র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেপিএলের সভাপতি ফয়জুর রহমান বলেন, এলাকার তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলাই এই লিগ আয়োজনের মূল লক্ষ্য।
