তেঁতুলিয়ার যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

গত দ্বাদশ জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ‍ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

এর আগে শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম শালবাহান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তেঁতুলিয়া মডেল থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পরে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এছাড়া একই অভিযানে জেলা কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য আশরাফ আলী (৪৪) নামের আরেক নেতাকেও আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ দুইজনকে আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য, আশরাফুল ইসলাম এর আগে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ভেতরে ব্যালটে সিল মেরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দেশজুড়ে আলোচনার জন্ম দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত