নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল সিরিয়া

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের এই পদক্ষেপে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে দেশি-বিদেশি বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হবে বলে আশা করছে সিরিয়া সরকার।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা এক ভিডিও বার্তায় বলেন, নিষেধাজ্ঞামুক্ত অবস্থায় সিরিয়ার জন্য এটি এক নতুন সূচনার দিন। তিনি দীর্ঘ সময়ের ধৈর্য ও সংগ্রামের জন্য জনগণকে ধন্যবাদ জানান এবং এই সিদ্ধান্তে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেস সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মহলে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। এর আগে সৌদি আরব ও তুরস্কের অনুরোধে যুক্তরাষ্ট্র দুই দফা নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রেখেছিল। তবে সিরিয় নেতৃত্বের দাবি ছিল- বিনিয়োগকারীদের আইনি ঝুঁকি দূর করতে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া প্রয়োজন।

সকালে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একই সঙ্গে দেশ ও প্রবাসে থাকা সব সিরিয় নাগরিককে জাতীয় পুনরুদ্ধার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত