জুলাই অভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজা শেষে সেখানে উপস্থিত এক দল লোক সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে। তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন।
বিবিসি বাংলা জানায়, বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকেন সেনা সদস্যরা। তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়ে ছিলেন। পরে সেখান থেকে ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এদিন শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয়। জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।
