নির্বাচনের তফসিলে পরিবর্তন

মনোনয়নপত্র বাছাই ও আপিল নিষ্পত্তির তারিখ বদল

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনের সংশোধিত সময়সূচির প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হবে। একই সঙ্গে গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখের বিপরীতে উল্লিখিত ৫-১১ জানুয়ারি শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ৫-৯ জানুয়ারি শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

এতে আরও বলা হয়  গেজেটের ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ বিপরীতে উল্লিখিত ১২-১৮ জানুয়ারি শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ১০-১৮ জানুয়ারি শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত