প্রথম দুই ম্যাচে অল্প রানে আউট হওয়ার পর অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন বাবর আজম। বিগ ব্যাশে প্রথম ফিফটির স্বাদ পেলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। তার সঙ্গে বড় জুটি গড়ে ও বিস্ফোরক ইনিংস খেলে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন জশ ফিলিপ।
সিডনি ডার্বিতে শনিবার থান্ডারকে ৪৭ রানে হারায় বাবর-ফিলিপসদের সিক্সার্স। সিডনিতে সিক্সার্স ২০ ওভারে করে ৫ উইকেটে ১৯৮ রান। জবাবে শেষ ওভারে থান্ডার গুটিয়ে যায় ১৫১ রানে।
টি-টোয়েন্টিতে ৩৩১ ম্যাচ খেলে ফেলা বাবর এবারই প্রথম খেলছেন প্রথম বিগ ব্যাশে। ওপেনিংয়ে নেমে প্রথম দুই ম্যাচে তিনি করতে পারেন কেবল ২ ও ৯ রান। এদিন ৩৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। ৫ চার ও ২ ছক্কায় গড়া তার ইনিংসটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের পঞ্চাশ ছাড়ানো ইনিংস হলো ১০৭টি (আন্তর্জাতিক ১১, ফ্র্যাঞ্চাইজি ৯৬)। আর তিনবার পঞ্চাশ করতে পারলে এই তালিকায় তিনি ছুঁয়ে ফেলবেন ক্রিস গেইলকে (১১০)। ওপরে আছেন আরও দুজন- বিরাট কোহলি (১১৪) ও ডেভিড ওয়ার্নার (১২১)।
দ্বিতীয় উইকেটে বাবরের সঙ্গে ৭৯ বলে ১৪০ রানের বিধ্বংসী জুটি গড়েন ফিলিপ। ৪ রানের জন্য তিনি পাননি সেঞ্চুরি। ৬ চার ও ৪ ছক্কায় ৫৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান। ম্যাচ-সেরার পুরস্কার জেতেন তিনিই।
সিক্সার্সের জয়ে বল হাতে আলো ছড়ান জ্যাক এডওয়ার্ডস। ২৬ রানে ৫ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার ২৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।
পুলিশের সঙ্গে পারলো না কিংস, মোহামেডান নামলো আরো নিচে