সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যাটারিচালিত টমটম গাড়ির স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী ও বাউধরন গ্রামের লোকজনের মধ্যে খাড়ারপার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে রানীগঞ্জ পশ্চিম বাজার গাড়ি স্ট্যান্ড কর্তৃক রানীগঞ্জ- বাউধরন রোডের গাড়ি ভাড়া ৩০ টাকা থেকে ১০ টাকা ভাড়িয়ে ৪০ টাকা করা হয়। এ নিয়ে বাউধরন স্বজনশ্রী গ্রামের লোকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সদস্য বাউধরন গ্রামের সালেহ উদ্দিন আহমদ গাড়ি ভাড়া পুনরায় ৩০ টাকা নির্ধারণ করেন। এতে আবার উভয় গ্রামের টমটম চালকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার বিকালে বাউধরন গ্রামের মুজিব মার্কেটের গাড়ি স্ট্যান্ড থেকে স্বজনশ্রী গ্রামের টমটমগুলো বের করে দেওয়া হয়। এরই জেরে শনিবার সকালে উভয়গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে খাড়ারপার নামক স্থানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের ৩০জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ১২জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত