ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার ১৭তম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড ও চেলসির ম্যাচটি দুই ভাগে ভাগ করা যায়। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল স্বাগতিক নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের গল্প লেখে চেলসি। তাতে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। পয়েন্ট হারালেও লিগ টেবিলে চার নম্বরেই আছে এনজো মারেস্কার চেলসি।
নিউক্যাসলের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে হারের পর এবার পয়েন্ট পেলো চেলসি। গেল মৌসুমে নিউক্যাসলের মাঠে হেরেছিল চেলসি ২-০ তে। তার আগে ২০২৪'র অক্টোবরে কারাবাও কাপেও হেরেছিল চেলসি। সেন্ট জেমস পার্কে আজ ২০ মিনিটে মধ্যে দুই গোলের লিড নেয় নিউক্যাসল। ম্যাচের ৪ মিনিটে নিক ওল্টমেড ডান পাঁয়ের শটে গোল করেন। ২০ মিনিটে সেট পিসের মতো পরিস্থিতি থেকে ক্রস করেন অ্যান্থনি গর্ডন। সেই ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন নিক ওল্টমেড। যদিও ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি। ম্যাচের প্রথমার্ধে দুই গোল হজমের পরও ফিরে আসার চেষ্টা করতে থাকে ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় চেলসি। ম্যাচের ৪৮ মিনিটে নিউক্যাসলের অ্যাটাকিং হাফে কোল পালমারকে ফাউল করেন জ্যাকব রামসি। তাতে ফ্রি-কিক পায় চেলসি। ফ্রি-কিক থেকে এক গোল শোধ দেন রেসে জেমস। ৬৬ মিনিটে জোয়াও পেদ্রো গোল করে দলকে সমতায় ফেরান। অ্যাসিস্ট করেন রবার্ট সানচেজ। ৭২ মিনিটে একাদশে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন নিউক্যাসল কোচ। তাতে লাভ হয়নি। ৮৫ মিনিটে নিউক্যাসলে কেলা হার্ভে বার্নস এর শট পোস্টের বাইরে দিয়ে যায়। ফলে এক পয়েন্ট করে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
১৭ ম্যাচে চেলসির পয়েন্ট ২৯, সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিউক্যাসলের।
