নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি থেকে একসঙ্গে পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) এই দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। বাকি দু’জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয় নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।
নিহতরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক স্বাধীন (২৫)। মাসুদ রানা নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। তিনি প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন। পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে তিনি নারায়ণগঞ্জ শহরে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ডুবুরিরা দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে মাসুদ রানা ও ভ্যানচালক স্বাধীনের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে দেখা যায়, মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারের সঙ্গে আটকে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময়ই মাসুদ দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানতে ফেরিতে থাকা ট্রাকচালকের বক্তব্য গুরুত্বপূর্ণ। তবে ঘটনার পরপরই ওই চালক পালিয়ে যান। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি যানবাহন ও যাত্রী নিয়ে বক্তাবলীর পূর্ব ঘাট থেকে পশ্চিম ঘাটের উদ্দেশে যাত্রা করছিল। নদীর মাঝপথে হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এতে সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানসহ ট্রাকটি নদীতে পড়ে যায়।
নৌ পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে ট্রাকটি ফেরিতে ওঠানোর সময় গিয়ারে রাখা ছিল। হঠাৎ সেটি সামনে এগিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলেই একের পর এক পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
নিজের ফাঁদে নিজেই ধরা ট্রাম্প!
প্লুটো কেন গ্রহ নয়