ভারতের রাজধানী দিল্লির কড়া নিরাপত্তার আওতাধীন কূটনৈতিক এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির উগ্রবাদী সংগঠন অখন্ড হিন্দু রাষ্ট্রসেনা।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীর রাধাকৃষ্ণ মার্গে মিশনের সামনে সংগঠনটির প্রায় ২০ জন কর্মী এ বিক্ষোভে অংশ নেয়। হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সল মাহমুদ দেশ রূপান্তরকে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
ফয়সল মাহমুদ বলেন, প্রায় ২০ জন বিক্ষোভকারী গতরাতে কয়েকটি গাড়িতে মিশন চত্বরে অবস্থিত ‘বাংলাদেশ হাউসের’ গেটে এসে বিক্ষোভ করে। তারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর ‘নির্যাতন’ বন্ধের দাবি জানায়।
‘বাংলাদেশ হাউসে’ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সপরিবারে বসবাস করেন।
বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের ওপর ‘নির্যাতন’ বন্ধ না হলে হাইকমিশনের কর্মীদের ‘পরিণতি’ ভোগ করতে হবে, এমন হুমকি দেয়।
ফয়সল মাহমুদ জানান, চলমান পরিস্থিতিতে আগেই হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়। দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের প্রায় ৪০ জন সদস্য মিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলো। তাদের উপস্থিতি টের পেয়ে বিক্ষোভকারীরা শ্লোগান দিতে দিতে চলে যায়।
