নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস চালু ও জিএম অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা জানান, তারা ইতিপূর্বে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়ে কারখানায় শ্রমিক ছাটাই বন্ধ ও জিএম অপসারণসহ দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন, কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারার অধীনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এর আগে ওইদিন শহরের ১নং রেলগেট এলাকায় গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান।
শ্রমিকরা আরও জানিয়েছেন, গার্মেন্টসটিতে পূর্বে ২ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতেন, কিন্তু গত এক বছরের মধ্যে ৫ শতাধিক শ্রমিক ছাটাই করা হয়েছে।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া শ্রমিকরা বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধানের আশ্বাস পেয়ে শান্ত হন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাপরিদর্শক রাজীব ঘোষ জানান, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
