প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২০ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তাহেরপুরে বিজেপির এক জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একশ কিংবা হাজার বার বিজেপির বিরোধিতা করুক, কিন্তু সেই বিরোধিতার কারণে যেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ ও রাজ্যের উন্নয়ন ব্যাহত না হয়। মোদির দাবি, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠিত হলে উন্নয়নের গতি বহুগুণে বাড়বে।
সভায় প্রধানমন্ত্রী তৃণমূল সরকারের দুর্নীতি ও ‘কাটমানি’র অভিযোগ তুলে ধরেন। বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, উন্নয়নের জন্য শক্তিশালী ও স্থিতিশীল সরকার জরুরি। পাশাপাশি ত্রিপুরায় বিজেপি সরকারের উন্নয়নের কথাও উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গও একই পথে এগোতে পারে।
বাংলা ভাষায় বিজেপি কর্মীদের উদ্দেশে উদ্দীপনামূলক বার্তা দিয়ে মোদি বলেন, “বাঁচতে চাই তাই বিজেপি চাই।” তিনি জানান, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গে আরও সক্রিয়ভাবে প্রচারণায় নামবেন। রাজনৈতিক মহলের মতে, এই সভার মধ্য দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।
আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য বিজেপির প্রধান ভরসা হিসেবে প্রধানমন্ত্রী মোদিকেই দেখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে তাঁর বারবার রাজ্য সফর থেকেই স্পষ্ট, নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
শনিবারের সভাটি হয় নদিয়া জেলার তাহেরপুরে, যা বাংলাদেশ সীমান্তবর্তী এবং মতুয়া সম্প্রদায়ের উপস্থিতি যেখানে উল্লেখযোগ্য। যদিও এটি মতুয়া-অধ্যুষিত এলাকা, তবু উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত ঠাকুরনগরের বাইরে এই সভার আয়োজন করা হয়। খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী সরাসরি সভাস্থলে পৌঁছাতে পারেননি। হেলিকপ্টার অবতরণে ব্যর্থ হয়ে তিনি কলকাতার দমদম বিমানবন্দরে ফিরে যান এবং সেখান থেকেই ভার্চুয়ালি জনসভায় ভাষণ দেন।
