নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চিলড্রেন ভয়েস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

শিশু ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি। সংগঠনটি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমলিহোম বালিকা বিদ্যালয়, ধানম-ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ও মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার খুদে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এ সময় শিশুদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নিরাপত্তা আমার অধিকার’ ‘আমরা সবাই হাদি হব, দেশের জন্য কথা বলব’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘মানুষ মরে যায়, হাদিরা আজীবন বেঁচে থাকে’, ‘হাদি হত্যার বিচার চাই’।

মানববন্ধনে ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা ও নিরাপত্তা চাই। হাদি চাচ্চুর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।’

ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলে, ‘আমরা হাদি চাচ্চুর বিচার চাই। আমরা শান্তি চাই।’

সংগঠনের আহ্বায়ক জাইমা নূর বলেন, ‘ওসমান হাদি শুধুমাত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক। যেখানে শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষকের এমন অকালে চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’

তিনি বলেন, ‘হাদির হত্যার কঠোর বিচার না হলে সন্ত্রাসীদের সাহস আরও বেড়ে যাবে এবং তারা নতুন করে সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়বে। তাই অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত