ক্ষতিগ্রস্ত ভবন নিজস্ব উদ্যোগে সংস্কার করবে উদীচী

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ এএম

দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত ভবন সংস্কার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণ করবে না বলে জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। নিজস্ব উদ্যোগে ও গণচাঁদা সংগ্রহ করে সংস্কার করার ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক সংগঠনটি।

গতকাল রবিবার উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিবৃতি আরও বলা হয়েছে, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে উদীচী কখনোই সরকারি অনুদানের ওপর নির্ভরশীল ছিল না। সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা গণচাঁদা সংগঠনের মূল চালিকাশক্তি। এবারও ক্ষতিগ্রস্ত কার্যালয় আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদীচীর দেশ-বিদেশের হাজারো শিল্পী ও কর্মী তাদের পরিশ্রমের উপার্জনের টাকাই সংস্কারে মুখ্য ভূমিকা পালন করবেন। উদীচীর নামে কেউ যদি আর্থিক সহায়তা চায় এবং কেউ প্রতারিত হন, এই দায় কেন্দ্রীয় সংসদ নেবে না বলেও বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি।

উদীচী নেতাদের অভিযোগ, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলার পর থেকেই উদীচীর ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়া হলেও অন্তর্র্বর্তী সরকার বা প্রশাসন নিরাপত্তার কোনো ব্যবস্থা নেয়নি। ফলে গত শুক্রবার সন্ধ্যায় মৌলবাদী অপশক্তি বিনা বাধায় উদীচী কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এতে সংগঠনের ৫৭ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, দুষ্প্রাপ্য বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

এ হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বিবৃতিতে নেতারা বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় এবং সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ চায়, এ দেশের মানুষ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সাধারণ মানুষের যে ত্যাগের ইতিহাস, তা কোনো ধর্মান্ধ গোষ্ঠীর ষড়যন্ত্রে ব্যর্থ হতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত