মুক্তাগাছার সিফাত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় দায়েরকৃত সিফাত হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২২ ডিসেম্বর) র‌্যাব-১৪ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তাগাছার শিবপুর এলাকার নিহত সিফাত হাসান (২৫) ও গ্রেপ্তার মোছা. সাথী আক্তার (২৪) স্বামী-স্ত্রী ছিলেন। বিবাহের পর থেকে নিহত সিফাতের সঙ্গে স্ত্রী সাথী আক্তার ও তার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। 

সিফাত ঢাকায় চাকরি করার কারনে সাথী আক্তার অধিকাংশ সময় তার বাবার বাড়িতেই থাকতো। সম্প্রতি সাথী আক্তার বাবার বাড়ি থেকে সিফাতের বাড়িতে আসে। এ সময় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি সাথী আক্তার তার বাবার বাড়ির লোকজকে জানালে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় সাথী আক্তারের বাবার বাড়ির লোকজন সিফাতের বাড়িতে এসে তাকে মারপিট করে গুরুত্বর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের পিতা মো. হাতেম আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

র‌্যাব জানায়, ২১ ডিসেম্বর রাত আনুমানিক ১১টার দিকে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মোছা. সাথী আক্তার (২৪), মোছা. রোজিনা আক্তার (৩৫) এবং মোছা. চায়না আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত