ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেছেন, ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন-এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাবের।
এফবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে দ্রুত ‘বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। জুলাই গণঅভ্যুত্থান অনুপ্রাণিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন। ওসমান হাদির বিচার হবে না; কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সাথে বসে লিঁয়াজো করতে হবে-এমন টিম ওসমান হাদি বানিয়ে যান নাই।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী এদিন বিকালে বিক্ষোভ মিছিল করবে ইনকিলাব মঞ্চ। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, দুপুর ৩টায় আমরা একটি বিক্ষোভ মিছিল ডেকেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, সে বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে-এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব।
