লক্ষ্মীপুর-৪ আসনে দুই সহোদরের মনোনয়নে বিরূপ প্রতিক্রিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্য পদে দুই সহোদরের মনোনয়ন সংগ্রহকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ সোহেলের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আ ন ম মঞ্জুর মোরশেদ জুয়েল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি উপজেলা বিএনপির সদস্য পদে দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আব্দুল ওয়ারেছ, হাফেজ শরীফ, জহির উদ্দিন বাবর ও মাওলানা এহতেশামুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, শরাফ উদ্দীন আজাদ সোহেল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থেকে বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তিনি পূর্বে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে গত ১৮ ডিসেম্বর তিনি সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

একই আসনে আপন দুই ভাইয়ের মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মন্তব্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, দুই ভাইয়ের ভোটযুদ্ধে অংশগ্রহণ এলাকায় রাজনৈতিক কোন্দল সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ জুয়েল বলেন, ‘গণতান্ত্রিক সংবিধানে প্রত্যেক নাগরিকের ভোট করার অধিকার রয়েছে। আমার ভাই সংসদ সদস্য পদে নির্বাচন করতে চাইলে সেটাও তার অধিকার। আমিও একজন নাগরিক হিসেবে নির্বাচন করার অধিকার রাখি। মনোনয়ন নিয়েছি, সুতরাং ভোট করার প্রস্তুতি নিয়েই মাঠে নামব। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার বিষয়।’

উল্লেখ্য, শরাফ উদ্দীন আজাদ সোহেলের মনোনয়ন সংগ্রহের পর থেকেই স্থানীয় পর্যায়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়, যা তার বড় ভাইয়ের মনোনয়ন সংগ্রহের মাধ্যমে আরও জোরালো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত