১২ আসামি রিমান্ডে, পরিবারের পাশে জেলা প্রশাসক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ এএম

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) এবং মো. নাজমুল (২১)।

গতকাল সোমবার দুপুরে ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তার আসামিদের তিন দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় এবং বিচারক প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের অনুমোদন দেন।

এদিকে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

গতকাল সোমবার সকাল ১১টায় তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়া কান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাবা রবি চন্দ্র দাস ও মা শেফালি চন্দ্র দাসের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। এ সময় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম নাজমুস সালেহীন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক নিহতের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা, একটি সেলাই মেশিন, শুকনো খাবার, ৬০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৬ লিটার তেল, পাঁচটি কম্বল ও রান্নার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, দীপুই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কোনো অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত, কিন্তু এভাবে ছেলেকে হারাতে হবে তা তিনি কল্পনাও করেননি।

নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, তার একমাত্র সন্তান এখন বাবা হারা। অভাবের সংসার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। একই সঙ্গে তিনি এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে, গার্মেন্টস কর্মী দীপু দাসকে মিথ্যা ও ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে  সোমবার সকালে ময়মনসিংহ শহর ও তারাকান্দা উপজেলায় পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি থেকে দীপু হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।

দুপুর ১২টার দিকে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সমাবেশে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। হত্যাকা-কে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উগ্রবাদীদের দ্বারা সংঘটিত এই হত্যাকা- ও বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এই পৈশাচিক হত্যা আমরা কোনোভাবেই মানতে পারি না। দীপুর পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত