বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে দপ্তরে তলব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৪০ মিনিটে হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান। পররাষ্ট্র সচিবের দপ্তরে সংক্ষিপ্ত বৈঠক শেষে তিনি পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে বেরিয়ে যান। বৈঠকের বিস্তারিত বিষয় সরকারিভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষমও হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়।
এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।
মাদুরোর জন্য ক্ষমতা ছাড়াই হবে বুদ্ধিমানের কাজ: ট্রাম্প