ভারত ফের তলব করলো বাংলাদেশের হাইকমিশনারকে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফের তলব করা হলো বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে, যা কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকেও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায়। তাকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেবাকেন্দ্রকে লক্ষ্য করে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে বলা হয়।

সাম্প্রতিক সময়ে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশি কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা সরাসরি ভিসা সেবায় বাধা প্রদান করেছে, যা নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক করে তুলেছে।

নিরাপত্তা উদ্বেগের কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হাইকমিশনের ফটকে টানানো এক নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। একইভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত